সর্বশেষ

নারী যখন ক্ষমতায়নের পথে এগিয়ে থাকে তখন সাইবার আক্রমণ বেড়ে যায়

ঢাকা : সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সংঘবদ্ধ সাইবার আক্রমণ বেড়েছে। নারী যখন ক্ষমতায়নের পথে এগিয়ে থাকেন তখন এসব সাইবার আক্রমণ বেড়ে যায়। এসব পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অসম্মানজনক মানসিকতার প্রতিফলন। সাইবার সহিংসতার কারণ চিহ্নিত করে প্রতিরোধের উপায় খুঁজে বের করা জরুরি।

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার সব ধরনের নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’ এই প্রতিপাদ্যর আলোকে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা : প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন বক্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি), সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান, এসজিপি, এএফডবিউসি, পিএসসি।

মূল বক্তব্য উপস্থাপনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ বলেন, সাইবার সহিংসতার ব্যাপকতা তখন বেড়ে যায় যখন আক্রমণের শিকার নারী, কন্যারা প্রযুক্তিবিমুখ হয়ে ওঠেন। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সঙ্ঘবদ্ধ সাইবার আক্রমণ বেড়েছে। এসব সাইবার আক্রমণ বেড়ে যায় বিশেষ করে নারী যদি ক্ষমতায়নের পথে এগিয়ে থাকেন। যেমন, ডাকসু নির্বাচনে, নারী প্রার্থীরা ব্যাপকভাবে সাইবার সহিংসতার সম্মুখীন হয়েছেন। এসব পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অসম্মানজনক মানসিকতার প্রতিফলন। তিনি এ সময় সাইবার সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে কয়েকটি সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, আজ ধর্ষণ ও শ্লীলতাহানির চেয়েও মারাত্বক আকার ধারণ করেছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করতে হবে; নিয়মিত হালনাগাদ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান বলেন, সাইবার ক্রাইমের কেসগুলোর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। অপরাধের ঘটনা অনেক আনরিপোর্টেড থাকছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৩ ডিসেম্বর, ২০২৫

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "নারী যখন ক্ষমতায়নের পথে এগিয়ে থাকে তখন সাইবার আক্রমণ বেড়ে যায়"

Leave a comment

Your email address will not be published.


*