সর্বশেষ

নির্বাচনী ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি অন্তর্ভুক্তি চাই

ঢাকা : নির্বাচনী ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরআগে নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ওয়াশ বিষয়ক সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার জোরালো আহ্বান জানানো হয়।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট দশটি জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক অব ওয়াশ নেটওয়ার্কস’ এই সংলাপের আয়োজন করে। বাংলাদেশ ওয়াটার ইন্টেগ্রিটি নেটওয়ার্কের কো-অর্ডিনেটর মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড ফাইয়াজউদ্দিন আহমদ। প্রবন্ধে দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন ও জনস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ওয়াশ খাতে পৃথক জাতীয় বাজেট বরাদ্দ, ঋতুস্রাবকালীন স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা–সংক্রান্ত (এমএইচএম) স্পষ্ট নীতিমালা ও বিধিমালা প্রণয়ন, জাতীয় অর্থায়ন কাঠামোর মধ্যে ওয়াশকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা, কর্মসংস্থান সৃষ্টি এবং ওয়াশ সেবার জন্য টেকসই অর্থনৈতিক মডেল উন্নয়নের দাবি জানানো হয়। পাশাপাশি জলবায়ু–সহনশীল ওয়াশ অবকাঠামোতে বিনিয়োগ, উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগে ওয়াশ উপাদান অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সংলাপে রাজনৈতিক নেতা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরূ এ্যানি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল (অব.) আব্দুল বাতেন প্রমূখ।

সংলাপে উপস্থিত নেতৃবৃন্দ উত্থাপিত প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ওয়াশ সেবা জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক উপস্থাপনার সঙ্গে একমত প্রকাশ করেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহারে তার প্রতিফলনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ওয়াটারএইড বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে সংলাপের আয়োজক নেটওয়ার্কগুলোর মধ্যে ছিলো বাংলাদেশ ওয়াটার ইন্টেগ্রিটি নেটওয়ার্ক, বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন, ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া বাংলাদেশ এন্ড ওয়াটার পভার্টি, ফ্রেশওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া বাংলাদেশ, ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টার, মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, সাসটেইনেবল স্যানিটেশন অ্যালায়েন্স এবং স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৫ ডিসেম্বর ২০২৫ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "নির্বাচনী ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি অন্তর্ভুক্তি চাই"

Leave a comment

Your email address will not be published.


*