ঢাকা : টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের প্রতি আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে উখিয়া-টেকনাফ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারিও বাড়ানো হয়েছে।
এ সময় বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে যে খবর এসেছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না-জানতে চান এক সাংবাদিক।
জবাবে খলিলুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
###


Be the first to comment on "মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা"